ইন্দোনেশিয়ার জাকার্তায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ১৪, আহত বহু

 প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ার জাকার্তায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা: নিহত ১৪, আহত বহু

ডেক্স নিউজ: 

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার উপকণ্ঠে দুই যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বহু যাত্রী আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সময় সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে জাকার্তার পাশের শহর বেকাসির একটি রেলস্টেশনের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিবিসি ও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, একটি লোকাল কমিউটার ট্রেন এবং একটি দূরপাল্লার ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই এলাকায় ব্যাপক হতাহতের খবর ছড়িয়ে পড়ে।

ইন্দোনেশিয়ার রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। সংঘর্ষের ফলে একাধিক বগি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কিছু অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়।

স্থানীয় সংবাদমাধ্যম কোম্পাস ডটকম জানিয়েছে, উদ্ধার অভিযান মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোর পর্যন্ত চলমান ছিল। সীমিত জায়গা এবং ক্ষতিগ্রস্ত বগির কারণে উদ্ধারকাজে জটিলতা সৃষ্টি হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে দমকল ও জরুরি উদ্ধারকর্মীরা কাজ চালিয়ে যাচ্ছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কারণ উদ্ধার অভিযান এখনও শেষ হয়নি এবং অনেক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Advertisement
Advertisement
Advertisement