বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসা করলেন ট্রাম্প

 প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন   |   আন্তর্জাতিক

বৈঠকের আগে জেলেনস্কির প্রশংসা করলেন ট্রাম্প


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে শুক্রবার আলোচনায় বসার পূর্বে বলেছেন, জেলেনস্কির প্রতি তার অনেক সম্মান আছে। পূর্ব ঘোষণা অনুযায়ী, ইউক্রেনের খনিজ সম্পদে যুক্তরাষ্ট্রের অধিকার বিষয়ক চুক্তির বিষয়ে আজ দুই দেশের প্রেসিডেন্টের একসঙ্গে হোয়াইট হাউজে বসার কথা রয়েছে। খবর বিবিসির। ট্রাম্পের কাছে বিবিসির তরফ থেকে জানতে চাওয়া হয়েছিল যে সম্প্রতি জেলেনস্কিকে স্বৈরশাসক বলার কারণে তিনি ক্ষমা চাইবেন কিনা। তার উত্তরে ট্রাম্প বলেন, তিনি বিশ্বাস করতে পারছেন না যে তিনি এই কথা বলেছেন। সেইসঙ্গে, তিনি এসময় জেলেনস্কিকে খুব সাহসী বলেও অভিহিত করেন।  যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের সঙ্গে ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করার পর ডোনাল্ড ট্রাম্প এসব বলছিলেন। তিনি আশা করছেন যে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তার আসন্ন বৈঠক খুব ভালো হবে এবং বলেন, শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে।রাশিয়ার ইউক্রেন আক্রমণের তিন বছরেরও বেশি সময় পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সর্বপ্রথম মস্কোর বৈঠক হয়েছে। এই পদক্ষেপের মধ্য দিয়ে ট্রাম্প প্রশাসন তার পশ্চিমা মিত্রদের বিস্মিত করেছে। আগে ডোনাল্ড ট্রাম্প জেলেনস্কিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য দায়ী করে বলেছিলেন, আপনি তিন বছর ধরে সেখানে আছেন। আপনার এটি শেষ করা উচিৎ ছিল... এটি শুরুই করা উচিৎ ছিল না। আপনি একটি চুক্তি করতে পারতেন। গতকাল বৃহস্পতিবার কিয়ার স্টারমারের সঙ্গে আলোচনার পর ডোনাল্ড ট্রাম্পকে সাংবাদিকরা জেলেনস্কি'র সঙ্গে আসন্ন বৈঠকের বিষয়ে প্রশ্ন করেন। তখন তিনি বলেন, আমার ধারণা আগামীকাল আমাদের ফলপ্রসূ আলোচনা হবে।ওই সময় তাকে বিবিসি সংবাদদাতা ক্রিস ম্যাসন জিজ্ঞেস করেন, তিনি এখনও ভলোদিমির জেলেনস্কিকে একনায়ক মনে করেন কিনা।উত্তরে তিনি বলেন, আমি সেটা বলেছিলাম? আমি এখনও বিশ্বাস করতে পারছি না সেটা। এদিকে জেলেনস্কি আশা করছেন, আজ শুক্রবারের বৈঠক থেকে তিনি ইউক্রেনের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা পাবেন এবং এই বৈঠক সম্ভাব্য শান্তি চুক্তিরও ভিত্তি হতে পারে।ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে তিনি অনেক বিষয়ে উদার। কিন্তু তিনি চান, কী ব্যবস্থা নেওয়া হবে তা নির্ধারিত হওয়ার আগে রাশিয়া এবং ইউক্রেন একটি চুক্তির বিষয়ে সম্মত হোক।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ভলোদিমির জেলেনস্কি আজ যুক্তরাষ্ট্রকে ইউক্রেনের বিরল খনিজ সম্পদে প্রবেশাধিকার দেওয়া বিষয়ক চুক্তিতে স্বাক্ষর করবেন। ডোনাল্ড ট্রাম্প এ বিষয়টি উল্লেখ করে বলেন, ইউক্রেনে মার্কিন খনির কার্যক্রম রাশিয়ার ভবিষ্যৎ আক্রমণ থেকে প্রতিরোধক হিসেবে কাজ করবে।


Advertisement
Advertisement
Advertisement