শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সংসদ সদস্য কেরামত আলীর মতবিনিময়
চাঁপাইনবাবগঞ্জ, ৮ আগস্ট:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কলেজের প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে সংসদ সদস্য ড. মাওলানা কেরামত আলীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় কোলোহল কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ড. মাওলানা কেরামত আলী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, শিবগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা সাদিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি সঞ্চালনা করেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি দুরুল হোদা আনসারী।
সভায় শিবগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল মান্নান, উপজেলা সেক্রেটারি ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল ইসলাম, শিবগঞ্জ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জোবদুল হকসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা তাঁদের প্রতিষ্ঠানের বিদ্যমান সমস্যা, প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা উপকরণের চাহিদা এবং শিক্ষার মান আরও উন্নত করার বিষয়ে মতামত তুলে ধরেন। একই সঙ্গে শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা এবং শিক্ষাবান্ধব পরিবেশ তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।
প্রধান অতিথি ড. মাওলানা কেরামত আলী শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন। তিনি শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
সভায় শিবগঞ্জ উপজেলার শিক্ষাব্যবস্থার সামগ্রিক উন্নয়ন, শিক্ষার্থীদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ সৃষ্টি এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।