জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন
সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ কর্তৃক সাতক্ষীরাবাসীকে “ধর্মান্ধ” আখ্যায়িত করার অভিযোগে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৪ জুন) বিকেল ৪টায় শহরের নিউমার্কেট মোড়ে বাংলাদেশ মজলিসুল মুফাসসিরীন, সাতক্ষীরা জেলা শাখা, ওলামা মাশায়েখ পরিষদ, সাতক্ষীরা জেলা শাখা এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা জেলা প্রশাসকের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, সাতক্ষীরার ধর্মপ্রাণ জনগণের বিরুদ্ধে অবমাননাকর কোনো মন্তব্য গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদানের দাবি জানান।
সমাবেশে সভাপতিত্ব করেন মাওলানা আব্দুল বারী। বক্তব্য রাখেন মাওলানা ওসমান গনি, মাওলানা মনিরুল ইসলাম বিলালী, মাওলানা শাহাদাত হোসেন ও আফজাল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রুস্তম আলী তাওহী।
বক্তারা বলেন, সাতক্ষীরা সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক ঐক্যের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। তাই জেলার মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো বক্তব্য তারা মেনে নেবেন না।
সমাবেশ শেষে একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে আগত আলেম-ওলামা, মুসল্লি ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তারা প্রয়োজন হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।
তবে এ বিষয়ে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ বলেন, তার বক্তব্যের মূল বার্তা বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে। তিনি দাবি করেন, সাতক্ষীরাকে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে গড়ে তোলা, ক্রীড়া ও সংস্কৃতির বিকাশ এবং সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়েই তিনি বক্তব্য দিয়েছিলেন।