যশোরে একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার

 প্রকাশ: ২৪ জুন ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন   |   খুলনা

যশোরে একাধিক মামলার আসামির গলাকাটা মরদেহ উদ্ধার

খুলনা ব্যুরো :

যশোর সদর উপজেলার রঘুরামপুর গ্রাম থেকে সাইদ সরদার ওরফে চশমা সাইদ (৩৮) নামে এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে গ্রামের একটি ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। তিনি একাধিক মামলার আসামি বলে জানিয়েছে পুলিশ।

স্বজনদের ভাষ্য, মঙ্গলবার রাতে একটি ফোন পেয়ে সাইদ বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে বাড়ির অদূরে একটি ঝোপের মধ্যে তার রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ সময় মরদেহের পাশে একটি রক্তমাখা ধারালো চাকুও পড়ে থাকতে দেখা যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ ও আলামত উদ্ধার করেছে।

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আধিপত্য বিস্তার কিংবা মাদক ব্যবসাকে কেন্দ্র করে অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড সংঘটিত হতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।

Advertisement
Advertisement
Advertisement