কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৮, পলাতক সাবেক মেয়র বিজু
খুলনা ব্যুরো :
ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা এক মামলায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে,২৩ জুন মঙ্গলবার আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে দলীয় নেতাকর্মীদের একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। অভিযানের সময় বিজুকে আটক করার চেষ্টা করলে তাঁর স্বজন ও সমর্থকদের বাধার মুখে পড়ে পুলিশ। পরে তিনি সেখান থেকে চলে যান বলে পুলিশের দাবি।
এ ঘটনার পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়। পরে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মামলার আট আসামিকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলায় আসামি করা ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু। তাঁকে পলাতক দেখানো হয়েছে। মামলার আরও দুই আসামি মো. কালাম ও মো. পারভেজ হোসনে অপুও পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জেল্লাল হোসেন বলেন, মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।