সোনারগাঁয়ের সাদীপুরে কৃষি জমির মালিক ও এলাকাবাসির উপর ইটভাটার দালালদের হামলা
প্রতিনিধি, সোনারগাঁ, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়নের বানিয়া বাড়ি গ্রামে কৃষি জমির মাটি কাটা নিয়ে জমির মালিকদের সঙ্গে ইটভাটার দালালদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে কৃষি জমির মাটি কাটাকে কেন্দ্র করে বিরোধ চলছিল। শনিবার রাতে ইটভাটার দালালরা ভাড়াটে লোকজন নিয়ে এলাকাবাসীর ওপর হামলা চালায়। এতে নারী-পুরুষসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হন।
সংঘর্ষের একপর্যায়ে স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গ্রামবাসীকে একত্রিত হওয়ার আহ্বান জানান। পরে এলাকাবাসী জড়ো হলে হামলাকারীরা দ্রুত এলাকা ত্যাগ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের পরিবার দাবি করেন, কৃষি জমি রক্ষায় প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালানো হয়েছে।
এলাকাবাসী ইটভাটার মালিক ও সংশ্লিষ্ট দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।