সংযোগ সড়কের অভাবে অচল ব্রিজ, ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুরে নির্মাণাধীন একটি ব্রিজ পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, এমপি।
পরিদর্শনকালে তিনি আগামী ১৫ দিনের মধ্যে ব্রিজের অ্যাপ্রোচ (সংযোগ) সড়কের কাজ সম্পন্ন করে ব্রিজটি জনসাধারণ ও যানবাহন চলাচলের উপযোগী করার নির্দেশ দেন। এ লক্ষ্যে সাত সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠনের ঘোষণা দেন তিনি।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে সড়ক এবং ৭ কোটি টাকা ব্যয়ে ব্রিজের মূল অবকাঠামো নির্মাণ সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে ব্রিজটি অচল অবস্থায় পড়ে আছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানার পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর যৌথভাবে তাকে পরিদর্শনের নির্দেশ দেন, যাতে দ্রুত জনগণের ভোগান্তি দূর করা যায়।
তিনি আরও বলেন, ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং আশা করা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করে ব্রিজটি চলাচলের জন্য উন্মুক্ত করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক হারুনুর রশিদ, চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (প্রশাসন) মো. ওয়াহিদুজ্জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।