মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হিসেবে এনায়েত করিম চৌধুরীর চুক্তিভিত্তিক নিয়োগ
ডেক্স নিউজ:
সরকার বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)-এর মহাব্যবস্থাপক পদে মোঃ এনায়েত করিম চৌধুরীকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে ২৪ মার্চ জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নিয়োগের শর্ত হিসেবে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক ত্যাগ করতে হবে। গ্রেড-৫ বেতন কাঠামোর আওতায় তিনি যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর এই দায়িত্ব পালন করবেন।
কর্মজীবনে এনায়েত করিম চৌধুরী আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন একজন পেশাজীবী। এর আগে তিনি যুক্তরাজ্যের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাস্টমার অপারেশনস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, তার অভিজ্ঞতা ও দক্ষতা মিল্ক ভিটার কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে।