খুলনা বিশ্ববিদ্যালয়-বেড্স যৌথভাবে সুন্দরবন ও উপকূলীয় গবেষণা জোরদার করবে
খুলনা ব্যুরো :
সুন্দরবন ও উপকূলীয় ইকোলজি গবেষণা জোরদার করার লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর ইন্টিগ্রেটেড স্টাডিজ অন দ্য সুন্দরবনস অ্যান্ড কোস্টাল ইকোসিস্টেম (আইআইএসএসসিই) এবং বাংলাদেশ এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেড্স)-এর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ট্রেজারারের কার্যালয়ে স্বাক্ষর অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী এবং বেড্সের পক্ষে প্রধান নির্বাহী মো. মাকসুদুর রহমান স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও আইআইএসএসসিই’র সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সমঝোতা স্মারকের আওতায় উভয় প্রতিষ্ঠান সুন্দরবন ও উপকূলীয় এলাকায় জলবায়ু পরিবর্তন, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার, অর্থনৈতিক উন্নয়ন এবং উপকূলীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকা বিষয়ক গবেষণা ও প্রকল্প বাস্তবায়নে অংশীদার হিসেবে কাজ করবে। এছাড়া ম্যানগ্রোভ ও উপকূলীয় বাস্তুতন্ত্র সংক্রান্ত কার্যক্রমে যৌথভাবে গবেষণা, প্রশিক্ষণ, প্রকাশনা এবং শিক্ষামূলক কর্মশালা আয়োজন করা হবে।
বেড্স-এর দাকোপ ফিল্ড অফিসের ম্যানগ্রোভ তথ্য ও গবেষণা কেন্দ্রকে মাঠ গবেষণা ও সম্প্রদায়ভিত্তিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে ব্যবহার করার ফলে শিক্ষার্থী ও গবেষকদের হাতে-কলমে শেখার সুযোগ আরও সম্প্রসারিত হবে।