সংবাদ শিরোনাম

বাংলাদেশ–ভারত বন্দি জেলে বিনিময় সম্পন্ন

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন   |   খুলনা

বাংলাদেশ–ভারত বন্দি জেলে বিনিময় সম্পন্ন

খুলনা ব্যুরো :

বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে আটক থাকা জেলেদের বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সমুদ্র সীমারেখা সংলগ্ন এলাকায় অবৈধ মৎস্য আহরণের অভিযোগে বাংলাদেশ নৌবাহিনী গত ১৮ ও ২৩ অক্টোবর ২০২৫ তারিখে দুইটি ভারতীয় ফিশিং বোটসহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে। অপরদিকে, গত ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ২০২৫ তারিখে ভারতীয় জলসীমায় মৎস্য আহরণের অভিযোগে ভারতীয় কোস্ট গার্ড পাঁচটি বাংলাদেশি ফিশিং বোটসহ ১২৮ জন বাংলাদেশি জেলেকে আটক করে।

পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে উভয় দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে বন্দি জেলেদের বিনিময়ের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশে আটক ২৩ জন ভারতীয় জেলেকে দুইটি ফিশিং বোটসহ ভারতীয় কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়। একই সময়ে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলে ও পাঁচটি ফিশিং বোট বাংলাদেশ কোস্ট গার্ড গ্রহণ করে।

এরপর আজ ৩০ জানুয়ারি সকাল ১১টায় বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্ট গার্ড বেইস মোংলায় তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।