ফুলতলায় গলদা চিংড়িতে বিষাক্ত জেলি পুশ ; জরিমানা আদায়
খুলনা ব্যুরো :
খুলনার ফুলতলা উপজেলার গাড়াখোলা মৎস্য অবতরণ ও বিক্রয় কেন্দ্রে পুলিশ ২৯ জানুয়ারি বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৮.৫ কেজি গলদা চিংড়ি মাছ জেলি পুশ অবস্থায় জব্দ করেছে। অভিযানে তিনজন মাছ ব্যবসায়ী ইয়াসিন, লিটন আকুঞ্জি ও সিদ্দিক আকুঞ্জি আটক হন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, ইয়াসিন দীর্ঘদিন ধরে চিংড়িতে বিষাক্ত জেলি ব্যবহার করে অবৈধভাবে বাজারজাত করছিল। অভিযানকালে স্থানীয় জনতার উপস্থিতিতে জব্দকৃত মাছ ধ্বংস করা হয়।
ফুলতলা থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামালের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন এসআই শফিউজ্জামান ও এএসআই শফিকুল ইসলাম। ভ্রাম্যমাণ মোবাইল কোর্টের মাধ্যমে লিটন আকুঞ্জিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়, আর ৬৫ বছর বয়সী সিদ্দিক আকুঞ্জিকে সতর্ক করে ছাড় দেওয়া হয়।
স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে জনস্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে প্রশংসা করেছেন।