সংবাদ শিরোনাম

আসন্ন নির্বাচন ঘিরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত সাতক্ষীরা ৩৩ বিজিবি

 প্রকাশ: ২৯ জানুয়ারী ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন   |   খুলনা

আসন্ন নির্বাচন ঘিরে শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রস্তুত সাতক্ষীরা ৩৩ বিজিবি

আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি)। সাতক্ষীরার চারটি সংসদীয় আসনের সাত উপজেলায় মোট ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা-৩৩ বিজিবি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি বলেন, ‘সাতক্ষীরা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় তিনটি জেলার ২১টি উপজেলায় অবস্থিত ১২টি সংসদীয় আসনে প্রায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে। উপজেলা ভেদে সর্বোচ্চ পাঁচটি পর্যন্ত প্লাটুন দায়িত্ব পালন করবে।’

নির্বাচনী দায়িত্ব পালনের অংশ হিসেবে ৩৩ বিজিবি ১৫টি অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করবে। এসব ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিরাপত্তা জোরদারে বিজিবি’র বিশেষায়িত ডগ স্কোয়াডও মোতায়েন থাকবে।

নির্বাচনী এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও নজরদারিতে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরা ব্যবহার করা হবে বলে জানান তিনি। আগামী ২৯ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারির মধ্যে যশোর রিজিয়নের আওতাধীন নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হবে।

লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান আরও জানান, মোতায়েনের শুরু থেকেই বিজিবি দেশের ১৮টি জেলার ১০৮টি উপজেলায় প্রায় ২০০ প্লাটুন সদস্য নিয়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবে। এর মাধ্যমে একটি নিরাপদ, অবাধ, সুষ্ঠু ও ভয়ভীতিহীন পরিবেশে উৎসবমুখর জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করা হবে

সংবাদ সম্মেলনে এসময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।