রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয়ের ১ম পুনর্মিলনী অনুষ্ঠিত
মাসুদ আল হাসান , খুলনা ব্যুরো :
নগরীর আড়ংঘাটার রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ১ম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। “ফিরে চল স্মৃতির টানে” শ্লোগানকে ধারণ করে আয়োজিত এই অনুষ্ঠানে সকাল ৯ টায় বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে শেষ হয়।
পুনর্মিলনী অনুষ্ঠান বেলা ১১ টায় প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসা: আসমা বেগম দ্বারা বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ১০০ পাউন্ডের কেক কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
১ম পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক খান মোঃ জাফর সাদিক-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের স্কুল ইন্সপেক্টর প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা ও রায়েরমহল ডিগ্রি কলেজের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম।
দিনব্যাপী অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।