নির্বাচন মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনতে পারে
খুলনা ব্যুরো :
খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী রকিবুল ইসলাম বকুল ভোটারদের উদ্দেশে বলেন, আসন্ন নির্বাচন শুধু ক্ষমতার লড়াই নয়, বরং সাধারণ মানুষের হারানো অধিকার ফিরিয়ে আনার সুযোগ।
২৩ ডিসেম্বর মঙ্গলবার দৌলতপুরের মহেশ্বরপাশা মানিকতলা খাদ্য বিভাগ ওয়ার্কার্স ইউনিয়নের আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি ভোটারদের একজোট থাকার আহ্বান জানান। বকুল বলেন,“আমি এলাকায় নেতা হিসেবে নয়, জনগণের সন্তান হিসেবে কাজ করতে চাই। ভোটের মাধ্যমে পরিবর্তন আনাই আমাদের মূল হাতিয়ার।”
সভায় তিনি খুলনার চিকিৎসা, শিক্ষা, রাস্তাঘাট ও নাগরিক সুবিধার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, প্রতিটি ভোট খুলনাকে আধুনিক ও বাসযোগ্য করার পথে এক ধাপ এগিয়ে যাবে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেখ সাদী, দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদ কামাল, বিজেএর চেয়ারম্যান আলমগীর হোসেন, মো: সাইফুল ইসলাম পিয়াস, মোহাম্মদ আরিফ হোসেন, সেলিম মাস্টার, আলতাফ হোসেন, জলিল হাওলাদার, ফিরোজ আকন প্রমুখ ।