সংবাদ শিরোনাম

সড়ক দুর্ঘটনায় খুলনার কৃতী সন্তান সাবেক স্কোয়াড্রন লিডার ব্যারিস্টার রিপনের মৃত্যু

 প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৫ অপরাহ্ন   |   জেলার খবর

সড়ক দুর্ঘটনায় খুলনার কৃতী সন্তান সাবেক স্কোয়াড্রন লিডার ব্যারিস্টার রিপনের মৃত্যু

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

ঢাকায় সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত স্কোয়াড্রন লিডার ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম আবু নঈম আহম্মেদ রিপন (৫৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ ডিসেম্বর) রাতে রাজধানীতে এ দুর্ঘটনা ঘটে।

ব্যারিস্টার রিপন খুলনার রূপসা উপজেলার টিএসবি ইউনিয়নের কাজদিয়া গ্রামের বাসিন্দা ও মরহুম শেখ আব্দুর রাজ্জাকের পুত্র। মৃত্যুকালে তিনি মা, ভাই-বোন, দুই কন্যা ও এক পুত্র রেখে গেছেন।

তিনি কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও বাগেরহাট সরকারি পিসি কলেজে পড়াশোনা শেষে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিয়ে স্কোয়াড্রন লিডার পদে অবসর গ্রহণ করেন। পরবর্তীতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে এমবিএ, এমডিসি ও এলএলবি (অনার্স) ডিগ্রি অর্জন করেন। তিনি আইসিএবির প্রাক্তন সিনিয়র উপ-পরিচালক ছিলেন এবং সর্বশেষ জজ কোর্ট ও সুপ্রিম কোর্টে একজন অভিজ্ঞ আইনজীবী হিসেবে আইন পেশায় নিয়োজিত ছিলেন।

২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মরহুমের মরদেহ গ্রামে পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। খুলনা নৌবাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। মাগরিবের পর কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজায় খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফিরোজ শাহ ও বিএনপি নেতা মোস্তফা উল বারী লাভলু, জিএম কামরুজ্জামান টুকুসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে পিতার পাশে মরহুমকে দাফন করা হয়।