চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
“মাদক নয়, হোক জীবনের জয়”—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী কারাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অধ্যক্ষ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ; প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম, উপাধ্যক্ষ, নবাবগঞ্জ সরকারি কলেজ; মো. একরামূল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ; মো. ইকরামূল হক নাহিদ, সহকারী কমিশনার (ভূমি), সদর, চাঁপাইনবাবগঞ্জ।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ জুডো, কারাতে ও বক্সিং একাডেমির সদস্যবৃন্দসহ কারাতে প্রেমী দর্শক ও বিপুল সংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন। পুরো মাঠজুড়ে কারাতেদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
প্রতিযোগিতা শেষে ছয়টি গ্রুপ থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ১৮ জন প্রতিযোগীর মাঝে মাদকবিরোধী মেডেল ও শিক্ষা উপকরণ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী ও দর্শকদের নিয়ে মাদকবিরোধী শপথ পাঠ করানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। মাদকের বিরুদ্ধে এমন ব্যতিক্রমধর্মী আয়োজন অব্যাহত রাখার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতি আহ্বান জানান অতিথিবৃন্দ।