শিবগঞ্জ সীমান্তে চোরাই মোবাইল উদ্ধার
প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় অবৈধ চোরাই মোবাইলের একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীন কিরনগঞ্জ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের ছিয়াত্তর বিঘা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিভিন্ন মডেলের ২৯টি ব্যবহৃত ভারতীয় মোবাইল ফোন উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারস্থলটি সীমান্ত পিলার ১৭৮/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের ভেতরে অবস্থিত। মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।