সংবাদ শিরোনাম

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৬:১৯ অপরাহ্ন   |   জেলার খবর

কুয়েট অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা–২০২৫ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উৎসবমুখর পরিবেশে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসস্থ গেস্ট হাউজ কাম ক্লাব ভবনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং কর্মকর্তাদের পারস্পরিক ঐক্য ও সহযোগিতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালী। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কর্মকর্তারা প্রশাসনের এক অবিচ্ছেদ্য অংশ। কুয়েটের সামগ্রিক র‌্যাঙ্কিং ও ভাবমূর্তি উন্নয়নে কর্মকর্তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আপনাদের যেকোনো যৌক্তিক দাবি ও পেশাগত সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদা আন্তরিক ছিল এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, কর্মকর্তারা সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে কুয়েটের সুনাম দেশ-বিদেশে ছড়িয়ে দেবেন।

সভায় সভাপতিত্ব করেন অফিসার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ মঈনুল হক। তিনি সংগঠনের বিগত বছরের কার্যক্রম ও সাফল্য তুলে ধরেন এবং কর্মকর্তাদের অধিকার আদায়ে এসোসিয়েশনের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী বাদশা মোঃ হারুন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।