সংবাদ শিরোনাম

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের কব্জি কর্তন

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৫:১১ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের কব্জি কর্তন

খুলনা ব্যুরো :

খুলনায় বাড়ি থেকে ডেকে নিয়ে আক্তার হোসেন (৪০) নামে এক যুবকের দুই হাতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কব্জি কেটে দিয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ৮টার দিকে বটিয়াঘাটা থানার দারোগার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

আক্তার হোসেন খুলনা নগরীর গল্লামারি এলাকার বাসিন্দা ও চাঁদ আলী মোল্লার ছেলে। তিনি বড় বাজার এলাকার একটি হোটেলে কর্মরত। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত আক্তার হোসেন জানান, সকালে বাড়িতে অবস্থানকালে ভাগ্নে শাহেদের কয়েকজন বন্ধু তাকে ডেকে দারোগার ভিটা এলাকায় নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর ৪-৫ জন দুর্বৃত্ত তাকে মারধর করে ধারালো অস্ত্র দিয়ে দুই হাতে কোপ দেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. বাপ্পা রাজ জানান, ধারালো অস্ত্রের আঘাতে তার দুই হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

বটিয়াঘাটা থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতের বরাতে তিনি জানান, হামলাকারীরা তার পরিচিত এবং তারা তাকে পুলিশের সোর্স মনে করে এ হামলা চালিয়েছে ।