খুলনায় জাতীয় এনসিপি নেতাকে গুলির ঘটনায় নারী নেত্রী তন্বী আটক
খুলনা ব্যুরো :
খুলনায় জাতীয় শ্রমিক শক্তির ( এনসিপি'র শ্রমিক সংগঠন) নেতা মোতালেব শিকদারকে গুলির ঘটনায় আলোচিত নারী নেত্রী তনিমা ওরফে তন্বীকে আটক করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ( ডিবি, কেএমপি'র) একটি টীম।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২২ ডিসেম্বর) রাতে তন্বীকে আটক করা হয়।
কেএমপি'র এসি, ডিবি মাহবুবুর রহমান বলেন, রেজাউর রহমান রেজা গাজীপুর থেকে ডিসি, ডিবি হিসেবে কেএমপিতে যোগদান করেন এবং যোগদান করেই তিনি সাফল্যের সাথে তন্বীকে গ্রেফতার করেন। এসময়ে কেএমপি'র ডিসি সাউথও অভিযানে উপস্থিত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাডাঙ্গা থানাধীন সার্জিক্যাল (গাজী মেডিকেল কলেজ হাসপাতাল) সংলগ্ন আল আকসা মসজিদ সরণির ১০৯ নম্বর রোডের মুক্তা হাউজের নিচতলায় ভাড়া বাসায় তন্বীর কক্ষে গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় পুলিশ উক্ত কক্ষ থেকে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে বলে জানা গেছে।
পুলিশ আরও জানায়, ঘটনার প্রকৃত কারণ ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত আছে। আটককৃত তন্বীকে জিজ্ঞাসাবাদ করার সময় তিনি অন্তঃসত্ত্বা বর্তমানে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।