চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল—এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মাদকবিরোধী সাঁতার প্রতিযোগিতা–২০২৫। জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে সোমবার (২২ ডিসেম্বর) চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের সুইমিংপুলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাবেক কোষাধ্যক্ষ মো. বদিউজ্জামান বুধু এবং জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্যবৃন্দ।
প্রতিযোগিতা চলাকালে সাঁতারুদের পাশাপাশি বিপুল সংখ্যক দর্শক ও অভিভাবকদের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। অংশগ্রহণকারী সাঁতারুদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
অনুষ্ঠান শেষে নয়টি গ্রুপে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী মোট ৩৬ জন সাঁতারুকে মাদকবিরোধী মেডেল ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়।
আয়োজকরা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।