সংবাদ শিরোনাম

পদ্মায় বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৮:১৫ অপরাহ্ন   |   জেলার খবর

পদ্মায় বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী নৌকার সংঘর্ষে বৃদ্ধের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের পদ্মা নদীতে বালুবাহী বাল্কহেডের সঙ্গে যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকার সংঘর্ষে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ১১ রশিয়া রুস্তম মন্ডলপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে ভিক্ষু (৬৫)।

প্রত্যক্ষদর্শী, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা হাসপাতাল ও পুলিশসূত্রে জানা যায়, গতকাল বিকেলে আলিমনগর ঘাট থেকে নারায়নপুর ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী ইঞ্জিনচালিত নৌকা নোঙর করা বালুবাহী বাল্কহেডের সঙ্গে ধাক্কা খায়। এ সময় নৌকার কিনারে বসে থাকা ভিক্ষু গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর নৌকার অন্যান্য যাত্রী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে তিনি মারা যান।

চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য নুরুল ইসলাম ছবি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় অন্য কোনো যাত্রী আহত হয়নি।

গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক তৌহিদুর রহমান বলেন, ঘটনার বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে।