সংবাদ শিরোনাম

‘চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর' শীর্ষক প্রকল্পের জন্য ৬৮৮ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:২২ অপরাহ্ন   |   জেলার খবর

‘চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ   রেলপথে রূপান্তর' শীর্ষক প্রকল্পের জন্য ৬৮৮ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষরিত

ঢাকা, ৭ পৌষ (২২ ডিসেম্বর):

আজ বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর মধ্যে 'চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর' শীর্ষক প্রকল্পের জন্য ৬৮৮ মিলিয়ন মার্কিন ডলারের ঋণচুক্তি ঢাকায় স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে মোঃ শাহরিয়ার কাদের ছিদ্দিকী, সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয় এবং এডিবি'র পক্ষে Hoe Yun Jeong, Country Director, বাংলাদেশ আবাসিক মিশন, এডিবি ঋণচুক্তিতে স্বাক্ষর করেন। উক্ত ঋণচুক্তি স্বাক্ষরকালে বাংলাদেশ সরকার ও এডিবি'র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

'চট্টগ্রাম-দোহাজারী মিটার গেজ রেলপথকে ডুয়েল গেজ রেলপথে রূপান্তর' শীর্ষক প্রকল্পটি রেলপথ মন্ত্রণালয় এর অধীন বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। প্রকল্প ঋণটি ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ ২৫ বছরে পরিশোধযোগ্য। এ প্রকল্পের উদ্দেশ্য হলো: 

চট্টগ্রাম-দোহাজারী অংশের (পাহাড়তলী-চট্টগ্রামসহ) ৫২ কিলোমিটার মিটার গেজ (এমজি) ট্র্যাককে ডুয়েল গেজ (ডিজি) ট্র্যাককে রূপান্তর করা; 

নির্মাণাধীন দোহাজারী-কক্সবাজার রেল করিডোরের সাথে ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরের সংযোগ স্থাপন করে রাজধানী ঢাকা ও পর্যটন নগরী কক্সবাজারের মধ্যে নিরবচ্ছিন্ন রেলসেবা প্রদান করা; 

বিজি ও এমজি ট্রেনগুলোর ডিজাইন গতিসীমা যথাক্রমে ১২০ কিমি/ঘণ্টা ও ১০০ কিমি/ঘণ্টা এবং অপারেশনাল গতিসীমা যথাক্রমে ১০০ কিমি/ঘণ্টা ও ৮০ কিলোমিটার/ঘণ্টায় উন্নীত করা; 

পুরাতন লোকোমোটিভ প্রতিস্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ ও সরঞ্জামসহ নতুন ৩০টি এমজি ডিজেল-ইলেকট্রিক (ডিই) লোকোমোটিভ সংগ্রহ এবং রেল যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে নতুন ট্রেন পরিচালনা করা।