সংবাদ শিরোনাম

খুলনায় এনসিপি নেতাকে গুলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় এনসিপি নেতাকে গুলি সীমান্তে সর্বোচ্চ সতর্কতা

খুলনা ব্যুরো :

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) খুলনা বিভাগীয় প্রধান ও শ্রমিক সংগঠনের সংগঠক মোতালেব শিকদারের ওপর গুলিবর্ষণের ঘটনার পর চুয়াডাঙ্গা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


হামলার সঙ্গে জড়িত পলাতক আসামিরা যাতে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) আওতাধীন প্রায় ১১৩ কিলোমিটার সীমান্ত এলাকায় তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। কাঁটাতারবিহীন সীমান্ত এলাকাগুলো কার্যত সিলগালা করা হয়েছে।

৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে এবং সকাল থেকে যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের ওপর তল্লাশি চলছে।

এদিকে ২২ ডিসেম্বর সোমবার দুপুরে খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে আহত মোতালেব শিকদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।