সংবাদ শিরোনাম

ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন   |   জেলার খবর

ভোলাহাট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের দায়ে ২৭ জন আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টাকালে ২৭ জন ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) ভোররাত আনুমানিক ৪টার দিকে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীনস্থ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ওই ২৭ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে পুরুষ ৮ জন, নারী ১২ জন, শিশু ৫ জন এবং তৃতীয় লিঙ্গের ২ জন রয়েছেন।


বিজিবি জানায়, আটককৃতরা বিভিন্ন সময়ে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র ছাড়াই সীমান্ত অতিক্রম করে ভারতে গমন করেছিলেন। পরবর্তীতে কোনো ধরনের পাসপোর্ট বা বৈধ অনুমতি ছাড়াই তারা বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে আন্তর্জাতিক সীমান্তে বিজিবির টহল দল তাদের আটক করে।

বর্তমানে আটক ব্যক্তিদের পরিচয় যাচাই, ঠিকানা নিশ্চিতকরণ, জাতীয় পরিচয়পত্র এবং বাংলাদেশি নাগরিকত্ব সংক্রান্ত বিষয়াদি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।