সংবাদ শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব

 প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন   |   জেলার খবর

চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজনে নবান্ন উৎসব

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার দক্ষিণশহর এলাকায় এই নবান্ন উৎসবের আয়োজন করা হয়।

নতুন ধানের পিঠা-পুলির আয়োজনকে ঘিরে দক্ষিণশহর এলাকায় ছিলো উৎসবের আমেজ। উৎসবে ১০ ধরণের পিঠা-পুলি দিয়ে আগতদের আপ্যায়ন করা হয়। এছাড়াও পরিবেশন করা হয় খেজুর রস ও মুড়ি। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়।


নিরাপদ খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বরেন্দ্র কৃষি উদ্যোগ এ নবান্ন উৎসবের আয়োজন করে। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে কৃষি উদ্যেক্তা, কৃষি সংশ্লিষ্ট ব্যক্তি ও সুধীজনরা অংশ নেন।

আয়োজকরা জানান, গ্রামের ঐতিহ্যবাহী নবান্ন উৎসব কালের বিবর্তনে হারিয়ে যাছে। আবার কোথাও কোথাও এই নবান্ন উৎসব রঙ বদলে শহুরে উৎসবে পরিণত হয়েছে। কিন্তু‘ গ্রামের নবান্ন উৎসবে প্রাণের টান থাকে, গ্রামের ঐতিহ্য থাকে।