সংবাদ শিরোনাম

চুয়াডাঙ্গায় শীতের দাপট; তাপমাত্রা ১৩.৬ ডিগ্রিতে

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন   |   জেলার খবর

চুয়াডাঙ্গায় শীতের দাপট; তাপমাত্রা ১৩.৬ ডিগ্রিতে

খুলনা ব্যুরো :

উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার প্রভাবে চুয়াডাঙ্গায় হঠাৎ করে শীতের তীব্রতা বেড়েছে। দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও প্রকট হয়ে উঠেছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

রবিবার (২১ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগের দিনের তুলনায় প্রায় দেড় ডিগ্রি কম। শনিবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে সর্বোচ্চ তাপমাত্রাও উল্লেখযোগ্যভাবে কমেছে। শুক্রবার বিকেল ৩টায় যেখানে তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, শনিবার তা নেমে আসে ২০ দশমিক ২ ডিগ্রিতে। সারাদিন আকাশ মেঘলা থাকায় সূর্যের দেখা মেলেনি।

শীত বাড়ার সঙ্গে সঙ্গে জেলার বিভিন্ন হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে শিশুরা ডায়রিয়া, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে বেশি আক্রান্ত হচ্ছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

ঘন কুয়াশার কারণে সড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। ঠান্ডার প্রভাবে সকাল ও সন্ধ্যায় রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও কম লক্ষ্য করা যাচ্ছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমতে পারে এবং কুয়াশা ও ঠান্ডা বাতাস অব্যাহত থাকতে পারে।