সংবাদ শিরোনাম

লাইসেন্স নবায়ন করতে গিয়ে সাবেক মেয়র গ্রেফতার

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন   |   জেলার খবর

লাইসেন্স নবায়ন করতে গিয়ে  সাবেক মেয়র গ্রেফতার

প্রতিদিনের দেশ ডেস্ক রিপোর্ট। :

নিজের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নবায়ন করতে গিয়ে ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র আফজাল হোসেন রানা (৫৮) গ্রেপ্তার হয়েছেন। পরে একটি বিস্ফোরক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রবিবার (২১ ডিসেম্বর) সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ে লাইসেন্স নবায়নের জন্য যান আফজাল হোসেন রানা। সেখান থেকে বের হওয়ার সময় জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। বেলা তিনটার দিকে তাকে সদর থানায় হস্তান্তর করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে পুলিশ তাকে আদালতে হাজির করলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. তৌহিদুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ আহমেদ এবং সংশ্লিষ্ট আইনজীবীরা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আফজাল হোসেন রানা ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র। তিনি আলাদা মেয়াদে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। একটি সূত্রের দাবি, সাবেক স্থানীয় সংসদ সদস্য আমির হোসেন আমুর বিরোধী অবস্থান নেওয়ায় তিনি দলীয় পদগুলো হারান।