সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে — সিনিয়র সচিব
খুলনা ব্যুরো :
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেছেন, শিশুদের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সাংবাদিকদের শিশুবান্ধব হতে হবে, কারণ আজকের শিশুরাই ভবিষ্যতে দেশ পরিচালনায় অংশ নেবে।
রবিবার (২১ ডিসেম্বর) সাতক্ষীরা শহরের মুজাফফর গার্ডেনে চার দিনব্যাপী ‘জাতি গঠনে শিশুবান্ধব সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিনিয়র সচিব বলেন, শিশুদের শিক্ষা, সুরক্ষা ও মানবিক বিকাশ নিশ্চিত করা গেলে টেকসই জাতি গঠন সম্ভব হবে। তিনি উল্লেখ করেন, পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনা প্রতিরোধযোগ্য। এ ক্ষেত্রে গণমাধ্যমকে সচেতনতামূলক প্রতিবেদন ও প্রচার-প্রচারণার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ প্রশিক্ষণের মাধ্যমে শিশু বিষয়ক সংবাদ ও প্রতিবেদন আরও মানসম্মত হবে।সমাজভিত্তিক সমন্বিত শিশুযত্ন কেন্দ্রের মাধ্যমে শিশুর প্রারম্ভিক বিকাশ, সুরক্ষা এবং সাঁতার সুবিধা প্রদান (আইসিবিসি) প্রকল্পের পরিচালক মো. আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোছাম্মৎ হাসিনা আক্তার, সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার। এছাড়া বক্তব্য দেন সাংবাদিক শরীফুল্লাহ কাওসার সুমন, মো. বাবুল সরকার ও মো. মুশফিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কর্মসূচি সমন্বয়কারী জাহিদুল হক খান।
চার দিনব্যাপী এই প্রশিক্ষণে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার মোট ২০ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।