সাতক্ষীরায় বিজিবির অভিযানে ২২ কোটি টাকার মাদক ও বাইক উদ্ধার
খুলনা ব্যুরো :
সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে শনিবার (২০ ডিসেম্বর) রাতে শহরতলীর রইচপুর এলাকা থেকে আনুমানিক ২২ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২৫০ গ্রাম সম্ভাব্য ভারতীয় আইস মেথ এবং ৪০ বোতল উইন্সেরেক্স সিরাপ।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাতক্ষীরা সদর থানার বাদামতলা এলাকা থেকে মোটরসাইকেলযোগে একটি মাদক চালান শহরের দিকে আনা হচ্ছিল। এ খবর পেয়ে বিজিবি ৩৩ ব্যাটালিয়নের একটি দল রইচপুর এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন ব্যক্তিকে থামানোর চেষ্টা করা হলে তিনি মোটরসাইকেল ও একটি স্কুলব্যাগ ফেলে পালিয়ে যান।
পরে ঘটনাস্থল থেকে মালিকবিহীন অবস্থায় মাদকদ্রব্য এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদক পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সিজার স্টোরে জমা রাখা হয়েছে।
সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।