সংবাদ শিরোনাম

শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক নারী-পুরুষ

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন   |   জেলার খবর

শ্রীপুরে ইউপি সদস্যের নেতৃত্বে বিএনপিতে যোগ দিলেন দুই শতাধিক নারী-পুরুষ

 রতন প্রধান, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সাংগঠনিক শক্তি আরও সুসংহত হলো। তেলিহাটি ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সফিকুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক নারী ও পুরুষ আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে শ্রীপুর উপজেলার টেপির বাড়ি গ্রামে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর নিজ বাসভবনে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তেলিহাটি ইউনিয়নের ইউপি সদস্য সফিকুল ইসলাম ও তেলিহাটি গ্রামের আব্দুল মালেকের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় বিএনপিতে যোগ দেন।

নবাগত সদস্যরা ফুলের তোড়া দিয়ে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর হাতে তাদের যোগদান সম্পন্ন করেন। যোগদান অনুষ্ঠানে নবাগতদের স্বাগত জানিয়ে তিনি বলেন,

“দেশ আজ এক গভীর রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকটের মধ্য দিয়ে অতিক্রম করছে। এই ক্রান্তিকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে—বিএনপিই জনগণের আস্থা ও বিশ্বাসের শেষ ঠিকানা। জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত মানুষের এই জাগরণ ভবিষ্যতে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করবে।”

তিনি আরও বলেন, “বিএনপি ক্ষমতার রাজনীতিতে বিশ্বাসী নয়; বরং জনগণের অধিকার, ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য। নতুন যারা দলে যোগ দিয়েছেন, তাদের ঐক্যবদ্ধ ভূমিকা সংগঠনকে আরও শক্তিশালী করবে।”

নবাগত সদস্যরা জানান, বিএনপির আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বের প্রতি আস্থা রেখেই তারা বিএনপিতে যোগ দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহজাহান মোড়ল, সদস্য সচিব শহীদুল্লাহ বন্দুকসি, বিএনপি নেতা সালেহ আহমেদ, রিপন ফকির, মফিজুল, আলম শেখ, জহিরুর ইসলাম, রুহুল আমিন তোতাসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু নবাগত সকল সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন এবং মিষ্টিমুখ করান।