খুলনার ছয় আসনে মনোনয়ন সংগ্রহ ১৭ জনের
খুলনার ছয় আসনে মনোনয়ন সংগ্রহ ১৭ জনের
খুলনা ব্যুরো :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ছয়টি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট ১৭ জন প্রার্থী। এ তথ্য জানিয়েছেন খুলনার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আ স ম জামশেদ আহমেদ।
রিটার্নিং অফিস সূত্র জানায়, খুলনা-১ আসনে বিএনপির আমির এজাজ খান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জুর পাশাপাশি জামায়াতে ইসলামীর শেখ জাহাঙ্গীর হোসাইন হেলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি আমান উল্লাহ মনোনয়ন নিয়েছেন।
খুলনা-৩ আসনে বিএনপির রকিবুল ইসলাম বকুল, জামায়াতে ইসলামীর অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আব্দুল আউয়াল এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন মনোনয়ন সংগ্রহ করেন।
খুলনা-৪ আসনে বিএনপির আজিজুল বারি হেলাল, জামায়াতে ইসলামীর মো. কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা ইউনুস আহমেদ এবং স্বতন্ত্র প্রার্থী আজমল হোসেন মনোনয়নপত্র নিয়েছেন।
এ ছাড়া খুলনা-৫ আসনে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও বিএনপির মোহাম্মদ আলি আসগার লবি এবং খুলনা-৬ আসনে জামায়াতে ইসলামীর মাওলানা মো. আবুল কালাম আজাদ ও বিএনপির এস এম মনিরুল হাসান বাপ্পি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরবর্তী ধাপে মনোনয়নপত্র যাচাই-বাছাই ও প্রত্যাহারের পর চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।