আজ বিশ্ব মেডিটেশন দিবস
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
নিয়মিত মেডিটেশনের মাধ্যমে মানসিক প্রশান্তি ও সুস্বাস্থ্য নিশ্চিত করার প্রত্যয় নিয়ে আজ ২১ রবিবার দেশব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মেডিটেশন দিবস।
দিবসটি উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে সকাল ৭টায় প্রধান আয়োজন অনুষ্ঠিত হবে। দেশের অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত এ উন্মুক্ত অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেবেন।
সম্মিলিত কণ্ঠে ভালো থাকার প্রত্যয় উচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। এরপর উপস্থিত সবাই নীরব মেডিটেশনে অংশ নিয়ে আত্মঅনুসন্ধানে নিমগ্ন হবেন। আয়োজকদের মতে, ব্যক্তি মন ভালো থাকলেই পরিবার, সমাজ ও বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।
জাতিসংঘ ২০২৪ সালে ২১ ডিসেম্বরকে ‘বিশ্ব মেডিটেশন দিবস’ হিসেবে ঘোষণা করে। এর মাধ্যমে মানসিক ও শারীরিক সুস্বাস্থ্যকে সার্বজনীন অধিকার হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বৈজ্ঞানিক গবেষণার ভিত্তিতে মেডিটেশনকে ‘নিজের যত্ন নিজে নেওয়ার কার্যকর পদ্ধতি’ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং মানসিক চাপ ব্যবস্থাপনায় নিয়মিত মেডিটেশন চর্চার আহ্বান জানিয়েছে।
বাংলাদেশে ২০২২ সালে স্বাস্থ্য অধিদপ্তর যোগ ও মেডিটেশনকে স্বাস্থ্যসেবার পরিপূরক হিসেবে গ্রহণ করে। পরবর্তীতে ২০২৩ সালে শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রমেও মেডিটেশন চর্চা অন্তর্ভুক্ত করা হয়।
জাতীয় প্রেস ক্লাবের এ আয়োজনে সাংবাদিক, মিডিয়া ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত থাকবেন। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, বরিশাল, খুলনা, সিলেটসহ দেশব্যাপী বিভিন্ন স্থানে এবং বিদেশেও একযোগে দিবসটি উদযাপিত হচ্ছে।
আয়োজকদের প্রত্যাশা, বিশ্ব মেডিটেশন দিবসকে কেন্দ্র করে আরও বেশি মানুষ মানসিক শান্তি ও সুস্থ জীবনের এই চর্চায় যুক্ত হবেন—এই বিশ্বাসে যে, মন ভালো থাকলেই সব ভালো।