গণমাধ্যমে হামলার তীব্র নিন্দা খুলনা রিপোর্টার্স ইউনিটির
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে খুলনা রিপোর্টার্স ইউনিটি (কেআরইউ)।
সংগঠনটির সভাপতি গৌরাঙ্গ নন্দী ও সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা জামান এক যৌথ বিবৃতিতে বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠান এবং সিনিয়র সাংবাদিক নুরুল কবিরের ওপর এই হামলা শুধু গণমাধ্যমের ওপর আঘাত নয়; এটি সমাজ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং সর্বোপরি বাংলাদেশের ওপর সরাসরি আক্রমণ।
বিবৃতিতে বলা হয়, গভীর রাতে সংঘটিত ওই হামলায় দুই প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে সংবাদকর্মীদের জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছিল। এ ঘটনা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং রাষ্ট্রের দায়িত্বহীনতার স্পষ্ট বহিঃপ্রকাশ।
নেতৃবৃন্দ বলেন, অতীতেও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর ‘মব ভায়োলেন্স’ বা সংগঠিত সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনা প্রতিরোধে বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা বারবার পরিলক্ষিত হচ্ছে। সর্বশেষ এই হামলা তারই আরেকটি ভয়াবহ উদাহরণ। গণমাধ্যম কার্যালয়ে হামলার ঘটনা প্রমাণ করে, অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলো কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে ফোন করে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন—এটি ইতিবাচক হলেও কেবল আশ্বাস যথেষ্ট নয়। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায় খুলনা রিপোর্টার্স ইউনিটি।