কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসে আগুন, কিছু নথি পুড়ে গেছে
খুলনা ব্যুরো :
কুষ্টিয়া জেলা নির্বাচন অফিসের স্টোর রুমে দুর্বৃত্তদের আগুন লাগানোর ঘটনায় কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল ৯টার মধ্যে এ ঘটনা ঘটে বলে ধারণা পুলিশ সূত্রে।
ঘটনার সময় অফিসে ছুটি থাকায় তাৎক্ষণিকভাবে বিষয়টি জানা যায়নি। পরে ধোঁয়া নজরে আসলে অফিসের নাইট গার্ড ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন।
কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) ইকবাল হোসেন বলেন, “ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্টোর রুমের পেছনের জানালা দিয়ে আগুন লাগানো হয়েছে। কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আমরা পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে মিলে ঘটনার তদন্ত করব এবং দোষীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেব।”
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান বলেন, “বড় ধরনের ক্ষতি হয়নি। সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে। আমরা কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।
সদর উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জানান, “আগুনে কিছু নথি ক্ষতিগ্রস্ত হলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
কুষ্টিয়া পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, “পেট্রোল বা কেরোসিন ব্যবহার করে আগুন লাগানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে স্টাফরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছেন। দুর্ঘটনা নাকি নাশকতা, তা তদন্তের পর নিশ্চিত হবে।