মোরেলগঞ্জে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
খুলনা ব্যুরো :
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টায় সুন্দরবন সংলগ্ন বান্দারবাজার এলাকায় এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, পাশ্ববর্তী বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের মৃত রুস্তুম আলী হাওলাদারের ছেলে শাহানুর রহমান শাহিন ওরফে কালু সম্প্রতি এলাকায় নিরীহ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক উদ্দেশ্যে বাগেরহাট আদালতে ধানকাটা ও ৭ ধারায় দুটি মামলা দায়ের করেছেন। এসব মামলায় বৃদ্ধ, লাঠিতে ভর দিয়ে চলাচলকারী মানুষ এমনকি ইজিবাইক চালকদেরও আসামি করা হয়েছে।
মানববন্ধনে ভুক্তভোগীদের মধ্যে বক্তব্য রাখেন নিশানবাড়িয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইউনুছ মুন্সি খোকা (৬৫), আব্দুল বারেক তালুকদার (৭২), সায়েদ হাওলাদার (৫৮), সেলিম শিকদার (৫০), কালাম চাপরাশী (৫৮), ইজিবাইক চালক তফসের বেপারী, ছত্তার হাওলাদার, সরোয়ার সোমাদ্দার, স্বপন তালুকদার, বাদল তালুকদার ও ফোরকানসহ অনেকে।
ভুক্তভোগীরা বলেন, অন্যায়ের প্রতিবাদ করায় বিএনপি নেতা ইউনুছ মুন্সি খোকাকেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে। এতে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য উর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয়ে অভিযুক্ত শাহানুর রহমান শাহিন অভিযোগ অস্বীকার করে বলেন, তার প্রায় ৬ একর ১৮ শতক পৈত্রিক জমির একটি অংশ নিয়ে কিছু লোক ঝামেলা সৃষ্টি করছে। সে কারণেই তিনি আইনগতভাবে মামলা করেছেন, কাউকে হয়রানি করার উদ্দেশ্যে নয়।