সংবাদ শিরোনাম

বাগেরহাটের দুটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

 প্রকাশ: ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন   |   জেলার খবর

বাগেরহাটের দুটি আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাগেরহাট জেলার দুটি সংসদীয় আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বাগেরহাট-৩ (মোংলা–রামপাল) আসনে বিএনপির প্রার্থী হয়েছেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. শেখ ফরিদুল ইসলাম।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে মনোনয়নপ্রাপ্ত দুই নেতা তাঁদের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক আইডির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

ফেসবুক পোস্টে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-২ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে তাঁকে মনোনয়ন দেওয়া হয়েছে। অন্যদিকে ড. শেখ ফরিদুল ইসলাম তাঁর পোস্টে বাগেরহাট-৩ আসনে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং দলীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।

এদিকে বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। তবে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে বাগেরহাট-১ আসনে বাবু কপিল কৃষ্ণ মণ্ডল এবং বাগেরহাট-৪ আসনে সোমনাথ দে মনোনয়ন পেতে পারেন বলে আলোচনা রয়েছে।