যশোরের দুই শীর্ষ সন্ত্রাসী ঢাকায় গ্রেপ্তার
খুলনা ব্যুরো :
যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), যশোর-এর একটি চৌকস টিম রাজধানী ঢাকায় অভিযান চালিয়ে যশোর শহরের চিহ্নিত দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
ডিবি সূত্র জানায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা যশোর-এর নেতৃত্বে এসআই (নিঃ) শিবু মণ্ডলসহ সঙ্গীয় ফোর্স ২০ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৪০ মিনিটে ডিএমপির রামপুরা থানাধীন জাকের গলির একটি মেস বাসা থেকে জাহিদ হোসেন ওরফে টাক মিলন এবং মোঃ মাসুদ আক্তার খান বাবুকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত জাহিদ হোসেন ওরফে টাক মিলন যশোর শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, হত্যা ও চাঁদাবাজিসহ মোট ১১টি মামলা রয়েছে। অপর গ্রেপ্তারকৃত আসামি মোঃ মাসুদ আক্তার খান বাবুও যশোর জেলার চিহ্নিত অপরাধী হিসেবে পরিচিত।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদ্বয়কে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান রয়েছে।