জমিজমা বিরোধের জেরে শ্যামনগরে বৃদ্ধকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৪
খুলনা ব্যুরো :
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. গোলাম হোসেন মোড়ল (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের জবখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম হোসেন মোড়ল ওই গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী সাইফুল, ফারুক, সেলিম, এমান আলী মোড়ল ও রেজাউল ইসলামের সঙ্গে তার দীর্ঘদিন ধরে জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধ চলছিল।
ঘটনার দিন সকালে বাড়ির বাইরে যাওয়ার সময় পূর্ব বিরোধের জের ধরে অভিযুক্তরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে বুকে ও পিঠে একাধিকবার ছুরিকাঘাত করা হয় এবং লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাকির হোসেন জানান, নিহতের শরীরের চারটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
শ্যামনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিয়ার উদ্দিন জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ হত্যাকাণ্ডে জড়িত সাইফুল, সেলিম, ফারুক ও রেজাউলকে আটক করে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি ছুরিসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিহতের ছেলে হাফিজুর রহমান অভিযোগ করে বলেন, তার পিতার করা ইউনিয়ন পরিষদের লিখিত অভিযোগের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।