শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালানের অভিনব কৌশল ১৮৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদক চোরাচালানকারীদের অভিনব কৌশল ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তে টানা অভিযানে ৫৯ বিজিবি ১৮৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
বিজিবি সূত্র জানায়, গত ১৯ ডিসেম্বর গভীর রাত থেকে ২০ ডিসেম্বর ২০২৫ তারিখ সকাল পর্যন্ত মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধীন সোনামসজিদ ও তেলকুপি বিওপি তাদের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৩০ থেকে ৫০ গজের মধ্যে প্লাস্টিকের বস্তায় অভিনব কায়দায় মোড়কজাত অবস্থায় এসব নেশাজাতীয় সিরাপ পাওয়া যায়।
জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ১৩৮ বোতল ভারতীয় ‘চকো প্লাস (CHOCO+)’ সিরাপ এবং ৪৮ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘ইস্কুফ ডিএক্স (Eskuf DX)’ সিরাপ। অভিযান চলাকালে রাতের অন্ধকার ও ঘন কুয়াশার সুযোগে চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
বিজিবি জানায়, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য, গত কয়েক দিনে ৫৯ বিজিবি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এ পর্যন্ত বিভিন্ন ধরনের ফেন্সিডিলের বিকল্প মোট ৩৮৫ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে।
এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোরাকারবারীরা যতই নতুন কৌশল অবলম্বন করুক না কেন, সীমান্তে সকল প্রকার মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।