চাঁপাইনবাবগঞ্জে এনসিপি ও বিক্ষুব্ধ ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও ব্লকেড কর্মসূচি
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
ভারতীয় আধিপত্যবাদ বিরোধী বীর শহিদ শরীফ উসমান হাদীর হত্যাকারীদের
দ্রুত বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিক্ষোভ কর্মস‚চি
পালিত হয়েছে।
সকাল থেকেই এনসিপি ও বিক্ষুব্ধ ছাত্র-জনতার ব্যানারে শহরের বিভিন্ন
স্থানে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শান্তি মোড় থেকে শুরু হয়ে বড় ইন্দারা
মোড় হয়ে বিশ্বরোডে এসে শেষ হয়। সেখানে বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য ব্লকেড কর্মসূচি
পালন করেন। এসময় চারদিকজুড়ে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্বরোড। বিক্ষোভকারীদের
একটাই দাবি খুনিদের দ্রূত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
বিক্ষোভকারীরা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তির হত্যাই
নয়; এটি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং প্রতিবাদী কণ্ঠের ওপর সরাসরি আঘাত। তারা
অভিযোগ করেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে চরম ব্যর্থতার দায় স্বরাষ্ট্র
উপদেষ্টাকে নিতেই হবে।
বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি শান্তিপূর্ণ থাকলেও, বিক্ষোভকারীদের
কণ্ঠে ছিল তীব্র ক্ষোভ ও প্রতিবাদ। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি আদায় না
হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মস‚চি ঘোষণা করা হবে।