সংবাদ শিরোনাম

শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে কুয়েট প্রশাসনের গভীর শোক

 প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন   |   জেলার খবর

শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে কুয়েট প্রশাসনের গভীর শোক

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

জুলাই অভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অকাল প্রয়াণে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) প্রশাসনের পক্ষ থেকে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর  বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তাঁর অকাল মৃত্যুতে কুয়েট পরিবার গভীরভাবে শোকাহত। বিশ্ববিদ্যালয় প্রশাসন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে।

মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় ১৯ ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা কুয়েট কেন্দ্রীয় জামে মসজিদে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মাকসুদ হেলালীর উপস্থিতিতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সম্মিলিতভাবে অংশগ্রহণ করেন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলে দেশের জন্য মরহুমের ত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাতুল ফেরদাউস কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন কুয়েট কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি যুবায়ের হাসান।

উল্লেখ্য, শরীফ ওসমান হাদির স্মরণে রাষ্ট্রীয় শোক ঘোষণার পরিপ্রেক্ষিতে ২০ ডিসেম্বর শনিবার বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। একই সঙ্গে ওই দিন বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষাসমূহের পুনঃনির্ধারিত সময়সূচি পরবর্তীতে জানানো হবে।