সংবাদ শিরোনাম

খুলনা ওয়াসার ফেজ-২ প্রকল্পে পিডি নিয়োগ ঘিরে বিতর্ক, মানববন্ধন কর্মসূচি

 প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনা ওয়াসার ফেজ-২ প্রকল্পে পিডি নিয়োগ ঘিরে বিতর্ক, মানববন্ধন কর্মসূচি

মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :

খুলনা ওয়াসার ফেজ–২ প্রকল্পে ২ হাজার ৫৯৮ কোটি টাকার প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে আলোচিত নির্বাহী প্রকৌশলী মো. রেজাউল ইসলামকে রুটিন দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ কামরুজ্জামান পিডির যোগদানপত্রে স্বাক্ষর করার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়।

এ সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে খুলনা সচেতন নাগরিক ফোরামসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মোজাহিদুর রহমান।

মানববন্ধনে বক্তারা বলেন, মো. রেজাউল ইসলামের বিরুদ্ধে অতীতে দুর্নীতির অভিযোগ থাকলেও তা তদন্ত না করে তাকে দেশের অন্যতম বড় পানি সরবরাহ প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে, যা জনস্বার্থের পরিপন্থী। তারা দাবি করেন, ওয়াসার বিদ্যমান বিধি অনুযায়ী তিনি এই পদে নিয়োগ পাওয়ার যোগ্য নন।

নাগরিক সমাজের নেতারা অভিযোগ করেন, সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর স্বচ্ছতা প্রত্যাশিত হলেও এই নিয়োগ প্রক্রিয়ায় দ্রুততা ও অস্বাভাবিকতা প্রশ্নের জন্ম দিয়েছে। তারা নিয়োগ বাতিল না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

এদিকে পিডি নিয়োগকে কেন্দ্র করে খুলনা ওয়াসা ভবনে চাপা উত্তেজনা বিরাজ করছে বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, যোগদানপত্রে স্বাক্ষরের আগে বিভিন্ন মহলের পক্ষ থেকে কর্তৃপক্ষের ওপর চাপ সৃষ্টি করা হয়।

তবে এ বিষয়ে খুলনা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ কামরুজ্জামান বলেন, তিনি দায়িত্ব গ্রহণের আগেই মন্ত্রণালয় পর্যায়ে এ বিষয়ে সিদ্ধান্ত হয়। ওয়াসার জনবল কাঠামো অনুযায়ী প্রস্তাব পাঠানো হয়েছিল এবং বিষয়টি সম্পূর্ণভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত।

দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে পর্যালোচনা করা হয়নি। অভিযোগ প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।