চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্স অভিযানে ৫৩ পিস ইয়াবা উদ্ধার, ৩ জনের কারাদণ্ড
মোঃ আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ:
চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে ৫৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। একই অভিযানে মাদক সেবনের অপরাধে ৩ জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অদ্য ১১ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী জেলা প্রশাসন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), পুলিশ ও র্যাবের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসির উপপরিচালক চৌধুরী ইমরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অনুজ চন্দ্রের নেতৃত্বে সদর মডেল থানাধীন আলিনগর রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. হাসান তারেক ওরফে পাতানের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়। তবে অভিযানের সময় অভিযুক্ত পলাতক থাকায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এছাড়া একই অভিযানে ৩ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়। ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ কার্যালয়ের পরিদর্শক মো. রফিকুল ইসলাম প্রসিকিউশন দাখিল করলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।