যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

অনলাইন ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

জেলার খবর

যশোরে ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা ব্যুরো : 

যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্পের পেছনে তানভীর (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ৭ ডিসেম্বর ঘটনাটি ঘটে। নিহত তানভীর শংকরপুর হাজারিগেট এলাকার মিন্টুর ছেলে।


স্থানীয়দের বরাতে জানা যায়, রাত ১২টা ১৫ মিনিটের দিকে তানভীরকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় তার পকেট থেকে ৬১ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।

বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার ব্যবসায়ী মনিরুল ইসলাম রিপন বলেন, তানভীর ক্যাম্পের পেছন দিক থেকে দৌড়ে এসে সড়কে পড়ে যান। পরে কয়েকজন নারী তাকে রিকশায় করে হাসপাতালে পাঠান।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে তা তদন্ত করা হচ্ছে। রাত সাড়ে ১২টার দিকে রিকশাচালক তাকে হাসপাতালে নিয়ে যান।

থানা সূত্র জানায়, শনিবার সন্ধ্যায় শংকরপুর বেলের মাঠ এলাকায় যৌথবাহিনীর অভিযানে পাঁচটি বোমা ও একটি চাকুসহ নাঈম ও সাজু নামে দুই যুবককে আটক করা হয়। তানভীর সেখান থেকে পালিয়ে যান। আটক যুবকদের দাবি, উদ্ধার হওয়া বোমাগুলো তানভীরের ছিল। ধারণা করা হচ্ছে, পালিয়ে তিনি বেজপাড়া আনসার ক্যাম্প এলাকায় অবস্থান করলে সেখানে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।