ফকিরহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ ফিলিং স্টেশনে জরিমানা
মাসুদ আল হাসান, খুলনা ব্যুরো :
বাগেরহাটের ফকিরহাট উপজেলায় একাধিক ফিলিং স্টেশনে পরিমাপে কম জ্বালানি সরবরাহ ও কাগজপত্রে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিনের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এস.এম শাহনেওয়াজ মেহেদীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
উপজেলার মোট নয়টি ফিলিং স্টেশনে অভিযানের সময় পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিমাপে কম দেওয়া, বৈধ ক্যালিব্রেশন সনদ না থাকা এবং হালনাগাদ কাগজপত্র না রাখাসহ বিভিন্ন অনিয়ম ধরা পড়ে। এসব অপরাধে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই খুলনার পরিদর্শক হাফিজুর রহমান। অভিযানে পেশকার ইমরান হোসেন রবি এবং ফকিরহাট মডেল থানার এএসআই কাবিল উদ্দিনের নেতৃত্বে পুলিশ সদস্যরা সহায়তা করেন।
অভিযোগের ভিত্তিতে রিফুয়েলিং অ্যান্ড এলপিজি অটোগ্যাস স্টেশন ও শিউলি ফিলিং স্টেশনকে পরিমাপে কম দেওয়া ও ক্যালিব্রেশন সনদ না থাকার কারণে জরিমানা করা হয়। কামাল ফিলিং স্টেশনের তিনটি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের বৈধ সনদ না থাকায় আরও জরিমানা আদায় করা হয়। অন্যদিকে রূপসা ফিলিং স্টেশন এবং তৃপ্তি ফিলিং স্টেশনে অকটেন ও ডিজেলে গুরুতর পরিমাণে ঘাটতি পাওয়া যাওয়ায় সর্বোচ্চ জরিমানার পাশাপাশি সংশ্লিষ্ট ইউনিটগুলো থেকে তেল সরবরাহ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
অভিযানের পাশাপাশি খোলা স্থানে লাইসেন্সবিহীন পেট্রোলিয়াম বিক্রি বন্ধে জনসচেতনতা সৃষ্টি করা হয়। একই সঙ্গে মোটরসাইকেল আরোহীদের হেলমেট ব্যবহার বাধ্যতামূলক করতে সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী বলেন,“ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। হেলমেটবিহীন চলাচল, যত্রতত্র পার্কিং, অবৈধ দখল ও খাদ্যে ভেজাল—এসব বিষয়ে শিগগিরই আরও বড় পরিসরের অভিযান পরিচালনা করা হবে।