৮ এপ্রিল খুলছে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস ---শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
ঢাকা, ২৩ চৈত্র (৬ এপ্রিল):
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, নাসা মেইনল্যান্ড গার্মেন্টসের স্বাভাবিক কার্যক্রম আগামী ৮ এপ্রিল থেকে পুনরায় শুরু হতে যাচ্ছে।
আজ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও নাসা গ্রুপের মধ্যে সাথে এক জরুরি আলোচনাসভা শেষে মন্ত্রী এই ঘোষণা দেন। গত ৫ এপ্রিল নাসা মেইনল্যান্ডের শ্রমিকদের তেজগাঁও সড়ক অবরোধের কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে সমস্যা সমাধানে শ্রমমন্ত্রী আজ এ সভা আহ্বান করেন। এসময় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী কর্মসংস্থানের স্বার্থে নিরবচ্ছিন্নভাবে কারখানা চালু রাখার ওপর গুরুত্বারোপ করেন। আইনগত বিধিবিধানের আলোকে মন্ত্রণালয় থেকে সব ধরনের সহযোগিতা প্রদানের পাশাপাশি উৎপাদনে গতি ফেরাতে শ্রমিকদের প্রয়োজনে প্রতিদিন অতিরিক্ত এক ঘণ্টা কাজ করে কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান। কোনো শ্রমিক বা কর্মচারীকে কোনো প্রকার হয়রানি না করার জন্য তিনি নাসা গ্রুপ কর্তৃপক্ষকে পরামর্শ দেন।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহ্দী আমিন বলেন, পরিচালনা পর্ষদের মাধ্যমে চলমান একটি কারখানা কোনো ব্যক্তির অনুপস্থিতি বা আইনি সমস্যার অজুহাতে বন্ধ করার সুযোগ নেই। শ্রমিকের স্বার্থ সুরক্ষায় সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।
সভার শুরুতে শ্রমিক প্রতিনিধিরা কারখানা সচল রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করেন এবং উৎপাদন সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন। নাসা গ্রুপের ভাইস চেয়ারম্যান রঞ্জন চৌধুরী প্রতিষ্ঠানের আর্থিক ও ব্যাংক লেনদেন সংক্রান্ত জটিলতাগুলো তুলে ধরেন এবং এগুলো নিরসনে মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, বিগত ঈদুল ফিতরের পর থেকে আর্থিক অসচ্ছলতার কারণ দেখিয়ে নাসা মেইনল্যান্ড গার্মেন্টস কর্তৃপক্ষ তাদের কার্যক্রম বন্ধ রেখেছিল।
সভায় আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এটর্নি জেনারেল মোঃ রুহুল কুদ্দুস, শ্রম সচিব মোঃ আব্দুর রহমান তরফদারসহ স্বরাষ্ট্র, আইন ও অর্থ মন্ত্রণালয় এবং বিজিএমইএ-র প্রতিনিধিরা।