সংবাদ শিরোনাম

আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

 প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন   |   ঢাকা

আজ যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তাইফুর রহমান: 

বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কাটা ও সঞ্চালন লাইনের জাম্পারিং কাজের জন্য স্থানভেদে দেশের কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে টানা ৪-৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।

নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও গ্রাহকসেবার স্বার্থে বিক্রয় ও বিতরণ বিভাগ, নেসকো, নাটোর দপ্তরের আওতাধীন বাইপাস ফিডার এলাকায় বিদ্যুৎ লাইনের পার্শ্ববর্তী গাছের ডালপালা কর্তন কাজের জন্য মঙ্গলবার বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। এদিন বাইপাস ফিডার এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

অন্যদিকে, সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সুনামগঞ্জ দপ্তরের আওতাধীন ছাতক গ্রিড উপকেন্দ্রের সিলেট ছাতক সঞ্চালন লাইনের সার্কিট-১ ও সার্কিট-২ জাম্পারিং কাজ সম্পাদনের জন্য মঙ্গলবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি ইনকামিং সার্কিট শাট-ডাউন গ্রহণ করা হবে।

এদিন ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডারের মেরামত, সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জের আওতাধীন সব এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সুনামগঞ্জ গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।