সংবাদ শিরোনাম

খুলনায় নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী

 প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ অপরাহ্ন   |   জেলার খবর

খুলনায় নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী


খুলনা ব্যুরো :

খুলনা নগরীতে সবজির বাজার কিছুটা স্বস্তিদায়ক হলেও সয়াবিন তেল, চাল, ডাল, মাংস ও পেঁয়াজের দাম বাড়তি রয়েছে। এর মধ্যে পেঁয়াজের দাম আবারও কেজিতে ৩০ টাকা বেড়ে খুচরা বাজারে ১৪০ টাকায় পৌঁছেছে। উচ্চমূল্য ধরে রাখা এসব পণ্য ভোক্তাদের নাজুক পরিস্থিতিতে ফেলেছে।

গত সপ্তাহে ১১০ টাকা কেজি দরের দেশি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। খুচরা বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরা পর্যায়েও এর প্রভাব পড়ছে।

বোতলজাত সয়াবিন তেলের দাম অপরিবর্তিত রয়েছে। ফ্রেশ, তীর ও বসুন্ধরা ব্র্যান্ডের পাঁচ লিটার বোতল বিক্রি হচ্ছে ৯২০ টাকা দরে, যা প্রতি লিটার ১৮৪ টাকা। কিছু দোকানে আগের স্টক বলে পাঁচ লিটারের বোতল ৯৩০–৯৪০ টাকায় বিক্রি হচ্ছে।
লুজ সয়াবিন কেজ প্রতি ২০০ টাকা, যা তিন মাস আগেও ছিল ১৮০–১৮৫ টাকা।

চালের বাজারেও তেমন পরিবর্তন নেই। স্বর্ণা ৫৫–৫৬ টাকা, আঠাশ বালাম ৬২–৬৫ টাকা, মিনিকেট ভালো মানের ৭৫ টাকা ও বাসমতি ৯০–৯৫ টাকা দরে বিক্রি হচ্ছে।


নগরীর দৌলতপুর, খালিশপুর, নিউমার্কেট সহ ময়লাপোতা কেসিসি সন্ধ্যা বাজারে বেগুন ৮০ টাকা, ফুলকপি ৪০–৫০ টাকা, ঢেঁড়শ ৫০ টাকা, টমেটো ৭০–৮০ টাকা, বরবটি ৬০ টাকা, আলু ২৫ টাকা ও সিম ৫০–৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
সরবরাহ বাড়ায় সবজির দাম কিছুটা কমেছে বলে জানান ব্যবসায়ীরা।

মশুর ডাল (মোটা) ১০০ টাকা ও সরু ডাল ১৫০ টাকা দরে অপরিবর্তিত আছে।
গরুর মাংস নগরের বিভিন্ন বাজারে ৬৫০–৭০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা নিম্ন আয়ের মানুষের ধরাছোঁয়ার বাইরে।

লেয়ার মুরগির ডিমের দাম কিছুটা কমে হালি ৪০ টাকা হয়েছে।

ভোক্তাদের অভিযোগ, বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট দাম নিয়ন্ত্রণে আসতে দিচ্ছে না। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান কমে যাওয়ায় পণ্যের দাম আরও নাগালের বাইরে চলে যাচ্ছে বলেও অভিযোগ করেন অনেকে।